নিজস্ব প্রতিবেদক ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৬ এ.এম
ভালো ঘুম না হলে
ভালো ঘুম না হলে শরীর যেমন ক্লান্ত থাকে, তেমনি মনও থাকে অস্থির। অনেকেই রাতভর চেষ্টা করেও, ঠিকমতো ঘুমাতে পারেন না, অথচ কারণটাও খুঁজে পান না।
বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে বড় একটি কারণ হতে পারে শোবার ঘরের তাপমাত্রা। ঘর খুব বেশি গরম বা খুব বেশি ঠাণ্ডা হলে শরীর স্বাভাবিকভাবে বিশ্রাম নিতে পারে না। তাই আরামদায়ক ঘুমের জন্য শোবার ঘরের সঠিক তাপমাত্রা জানা এবং তা ঠিক রাখা জরুরি।
রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে লাইফস্টাইল-বিষয়ক মার্কিন লেখক অ্যাশলি জিলাটোপোলস্কি বলেন, “শরীরের নিজস্ব একটি প্রাকৃতিক ছন্দ আছে, যাকে সার্কেডিয়ান রিদম বলা হয়। এই ছন্দ অনুযায়ী সন্ধ্যার পর শরীর ধীরে ধীরে ঠাণ্ডা হতে শুরু করে, যাতে ঘুমের জন্য প্রস্তুত হওয়া যায়। এই সময় শোবার ঘরের তাপমাত্রা যদি বেশি গরম থাকে, তাহলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমতে বাধা পায় এবং ঘুম আসতে দেরি হয়।”
বিশেষজ্ঞদের মতে আদর্শ তাপমাত্রা
শরীরের ভেতরের তাপমাত্রা ও মেলাটোনিনের ভূমিকা
ডা. ফাঙ্কে আফোলাবি-ব্রাউনের ভাষায়, “সন্ধ্যার পর শরীর মেলাটোনিন নামের একটি হরমোন নিঃসরণ শুরু করে। এই হরমোন মস্তিষ্ককে জানিয়ে দেয় যে এখন ঘুমের সময়। শীতল পরিবেশ মেলাটোনিন নিঃসরণকে আরও সক্রিয় করে, ফলে দ্রুত ঘুম আসে এবং ঘুম হয় গভীর। অন্যদিকে, গরম পরিবেশ মেলাটোনিনের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয় এবং ঘুম ভেঙে ভেঙে যায়।
ঘর বেশি গরম হলে যে সমস্যা হয়
বিশেষজ্ঞদের মতে, শোবার ঘর খুব বেশি গরম হলে শরীরের মূল তাপমাত্রা বেড়ে যায়। ফলে অস্বস্তি তৈরি হয়, ঘাম হয় এবং বারবার ঘুম ভেঙে যায়। ডা. ফাঙ্কে আফোলাবি-ব্রাউন বলেন, “অতিরিক্ত গরম পরিবেশ গভীর ঘুম এবং স্বপ্নের ঘুমের সময়কে কমিয়ে দেয়। এই দুই ধাপের ঘুম মানসিক সতেজতা ও শারীরিক পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ। ঘুম কম হলে সকালে ঘুম ভাঙার পরও ক্লান্তি থেকে যায়।
খুব ঠাণ্ডা ঘরেও যে কারণে ঘুমের সমস্যা হয়
অনেকে মনে করেন, যত ঠাণ্ডা তত ভালো। তবে বাস্তবে খুব বেশি ঠাণ্ডা ঘরেও ঘুম ব্যাহত হতে পারে। অতিরিক্ত ঠাণ্ডায় শরীর নিজেকে গরম রাখার চেষ্টা করে, ফলে স্বাভাবিক বিশ্রাম ব্যাহত হয়। ডা. আফোলাবি-ব্রাউন বলেন, “ঠাণ্ডাজনিত অস্বস্তিও ঘুমের মান খারাপ করতে পারে। তাই মূল কথা হল- আরামদায়ক শীতলতা, চরম ঠাণ্ডা নয়।
শীত ও গ্রীষ্মে কি তাপমাত্রা বদলানো দরকার?
বিশেষজ্ঞদের মতে, ঋতু বদলালেও ঘুমের জন্য আদর্শ তাপমাত্রার ধারণা খুব একটা বদলায় না। কারণ ঘুমের সময় শরীর স্বাভাবিকভাবেই ঠাণ্ডা হতে চায়। গ্রীষ্মে ঘর ঠাণ্ডা রাখা একটু কঠিন হলেও ঘুমের মান ভালো রাখতে শীতল পরিবেশ বজায় রাখা জরুরি। শীতকালে হিটার ব্যবহারে অতিরিক্ত গরম ঘরও একইভাবে সমস্যার সৃষ্টি করতে পারে।
ঘুমের আগে গরম পানিতে গোসল যে কারণে উপকারী
ডা. ফাঙ্কে আফোলাবি-ব্রাউন জানান, ঘুমানোর প্রায় এক ঘণ্টা আগে কুসুম গরম পানিতে গোসল করলে শরীরের ভেতরের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসে। এতে মেলাটোনিন নিঃসরণ বাড়ে এবং দ্রুত ঘুম আসে। পুরো শরীর গোসল সম্ভব না হলেও, শুধু পা গরম পানিতে ভিজিয়েও ভালো ফল পাওয়া যায়।